ঢাকার ধামরাইয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিয়েছেন জন্মদাতা পিতা আতাউর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ছেলেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লী গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আমীর হামজার (২৮) পিতার নাম আতাউর রহমান। আমীর হামজা দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমীর হামজা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝেমধ্যে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করতেন। মাদকের টাকার জন্য বাড়িতে চুরি এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন তিনি। তার এমন আচরণে অতিষ্ঠ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নিজের ছেলেকে আইনের হাতে তুলে দেন পিতা আতাউর রহমান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আমীর হামজা নিজের দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধি অনুযায়ী তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, নেশাগ্রস্ত আমীর হামজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁর বাবা আতাউর রহমান ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেন। আদালতে তিনি নিজের দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধি অনুযায়ী তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এতে তাঁর সংশোধনের সুযোগ রয়েছে।