যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের নিকটবর্তী একটি ব্যক্তিগত খামারের জমিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে নিকটস্থ ২৩৩ নম্বর মহাসড়কের প্রায় এক মাইল অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ইয়ামহিল কাউন্টির শেরিফ স্যাম এলিয়ট এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিচয় প্রকাশ করেছেন। তাঁরা হলেন টেক্সাসের ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক ম্যাডি আসবো, ওরেগনের ৩৮ বছর বয়সী পাইলট টাইলার স্টারডেভ্যান্ট এবং যুক্তরাজ্য থেকে আসা এক প্রশিক্ষণার্থী পাইলট। পুলিশ জানায়, একটি হেলিকপ্টারে প্রশিক্ষক ম্যাডি আসবো ও ওই প্রশিক্ষণার্থী ছিলেন এবং অপর হেলিকপ্টারটি একা চালাচ্ছিলেন পাইলট টাইলার স্টারডেভ্যান্ট।
প্রত্যক্ষদর্শী লিও রদ্রিগেজ জানান, নিজের পরিবারের আঙুরের খেত থেকে প্রচণ্ড শব্দ শোনার পর ওপরে তাকিয়ে তিনি দুটি হেলিকপ্টারকে মাঝ আকাশে ধাক্কা খেতে দেখেন এবং এরপর সেগুলো পাক খেতে খেতে মাটিতে আছড়ে পড়ে। স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ঘটা এই দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ৯১১-এ ফোন করেন তিনি।
দুর্ঘটনাস্থলে একটি লাল রঙের হেলিকপ্টার দুমড়েমুচড়ে এবং সবুজ রঙের আরেকটি হেলিকপ্টার উল্টে পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যৌথভাবে তদন্ত শুরু করেছে। এনটিএসবির তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজ দুটির একটি ছিল প্রশিক্ষণমূলক ফ্লাইটে থাকা ‘রবিনসন আর-২২’ এবং অন্যটি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ‘এয়ারবাস এএস৩৫০’।
এর মধ্যে প্রশিক্ষণমূলক হেলিকপ্টারটি পরিচালনা করত ‘জেরি ট্রিম্বল হেলিকপ্টারস’ নামক একটি প্রতিষ্ঠান। মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সংশ্লিষ্ট কোম্পানি ও স্থানীয় কর্তৃপক্ষ।