বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর রহস্যজনক মৃত্যুর তদন্তে এক নতুন মোড় এসেছে। তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে টঙ্গী পশ্চিম থানার অধীন ‘মাজার বস্তি’ এলাকা থেকে একটি নম্বরপ্লেটহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একইসঙ্গে ঘটনার রাতে তাহসিফের সাথে থাকা বন্ধু আহমদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য।
পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ এবং পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল শুক্রবার সকালে নিশ্চিত করেন যে, মাজার বস্তি থেকে উদ্ধার হওয়া নম্বরপ্লেট ছাড়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা গভীরভাবে যাচাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার রাতে বাসা থেকে বের হওয়ার সময় তাহসিফের মোটরসাইকেলেও কোনো নম্বরপ্লেট ছিল না।
এর আগে বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকার বাসিন্দা ও সদ্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাঁকে সঙ্গে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায় সংস্থাটি।
পিবিআই সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে দীপ দাবি করেছেন, “আমরা ঘটনাস্থলে কথা বলছিলাম। ওই সময় হঠাৎ কিছু লোক আমাদের ধাওয়া করে। নিজেকে বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেয় এবং আমি সেখান থেকে পালিয়ে আসি।” তবে দীপের এই জবানবন্দিসহ প্রাপ্ত তথ্যগুলোর সত্যতা এখন নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।
তাহসিফের পরিবারের বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় দীপের ফোন পেয়েই তিনি উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন। রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মুঠোফোনে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে তাহসিফ জানিয়েছিলেন যে তিনি বাসায় ফিরছেন। তবে পরিবারের এক নিকটাত্মীয়ের মতে, ওই ভয়েস মেসেজটির গলার স্বর তাহসিফের বলে মনে হয়নি এবং তাঁর বাবার মতেও বার্তা পাঠানোর সময় তাহসিফকে অস্বাভাবিক ব্যস্ত দেখাচ্ছিল।
এর আগে দীপ দাবি করেছিলেন, রেস্তোরাঁয় নৈশভোজ শেষে রাত ১২টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় তাহসিফের থেকে তিনি আলাদা হয়ে যান এবং তাহসিফ কোথায় গেছেন তা তাঁর জানা ছিল না। তবে পিবিআই প্রধান মোস্তফা কামাল জানান, বাইক মেরামত ও রেস্তোরাঁয় যাওয়া ছাড়াও ওই রাতে তাঁরা আর কোথায় কোথায় গিয়েছিলেন, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় সেসব জায়গাগুলোর বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় আসা সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফের ভাসমান লাশ গত বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ। লাশ উদ্ধারের সময় তাঁর ব্যবহৃত মানিব্যাগ ও হাতঘড়ি উদ্ধার করা সম্ভব হলেও সাথে থাকা মোটরসাইকেলটির কোনো হদিস ছিল না।