বিসিবিতে নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে আইসিসি : ক্রীড়া উপদেষ্টা

Reporter Name / ৩৮১ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শনিবার হ্যান্ডবল স্টেডিয়ামে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল শেষে উপস্থিত সাংবাদিকদের
এ কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে গতকাল শুক্রবার বিসিবির শীর্ষপদে রদবদল হয়েছে। ফারুক আহমেদকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে বোর্ড পরিচালকদের ভোটে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

এ বিষয়ে গণমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নতুন সভাপতি এসেছেন। আমাদের আইসিসির সঙ্গে যোগাযোগ হয়েছে। বিসিবির নতুন সভাপতি নিজেও আইসিসিতে দীর্ঘসময় কাজ করেছেন।’

যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুকের বোর্ড পরিচালক পদে মনোনয়ন বাতিল করায় সভাপতির পদ শূন্য হয়েছিল, তাই এটিকে কেউ কেউ বোর্ডের কার্যক্রমে সরকারের হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছিলেন। ফারুক আহমেদ নিজেও এই প্রসঙ্গ টেনেই আইসিসিতে নালিশ করেছেন।

আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের ঘটনা ঘটলে সে দেশকে নিষিদ্ধ করা হয়। তাই অনেকেই আশঙ্কা করছিলেন, বিসিবি সভাপতি পদে রদবদলের ধরনের কারণে বাংলাদেশ ক্রিকেট আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়ে কিনা।

তবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগের কোনো ঘাটতি ছিল না। আইসিসিও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থা, সেটা তো আইসিসির অজানা নয়। সে জায়গা থেকে তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category