আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে দেশের সব মাদরাসার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, বিজয়মেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোর্ডের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব মাদরাসার প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, সুপার, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বোর্ডের নির্দেশনায় ১৬ ডিসেম্বর উপলক্ষে কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে:
সূর্যোদয়ে জাতীয় পতাকা উত্তোলন নির্দেশনায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুসরণ করে প্রতিটি মাদরাসা ভবনে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
এ ছাড়া সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
বিজয়মেলা ও প্রতিযোগিতায় অংশ নেবে শিক্ষার্থীরা জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।
সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেও মাদরাসাগুলোকে সক্রিয়ভাবে অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ফুটবল, ক্রিকেট ও কাবাডি প্রতিযোগিতা বিজয় দিবসের ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। এর মধ্যে রয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতা।
শহীদদের স্মরণে বিশেষ দোয়া-মোনাজাত ১৬ ডিসেম্বর প্রতিটি মাদরাসায় সুবিধাজনক সময়ে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করতে বলা হয়েছে। এতে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করতে হবে।
এদিকে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ওই বিজ্ঞপ্তিতে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব মাদরাসাকে শহীদ বুদ্ধিজীবী দিবসের নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।