ফ্যাসিবাদের অস্তিত্ব বাংলার জনগণ মেনে নিবে না’

Reporter Name / ২৩৩ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, গণভবনে বসে শেখ হাসিনা দেশের মানুষকে হত্যা ও নির্যাতনের সকল পরিকল্পনা করেছে। আর সেই গণভবন থেকেই তাকে পালিয়ে যেতে হয়েছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের অস্তিত্ব আর কখনো বাংলার জনগণ মেনে নিবে না। দেশের জনগণ সেটির প্রমাণ ইতিমধ্যে দিয়েছে।

শনিবার বিকেলে চাঁদপুরে কচুয়া উপজেলার হযরত শাহ্ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বিগত ১৬ বছর আওয়ামী লীগ দেশে স্বৈরশাসন চালিয়েছে। তারা কখনো দেশের মানুষের নিরাপত্তা দিতে পারেনি।

জামায়াতের এই নেতা বলেন, শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাংলাদেশে গণতন্ত্রকে গলাটিপে ধরেছেন। তার মেয়ে শেখ হাসিনা অল্প দিনেই দেশের গণতন্ত্রকে হত্যা, বাকশালী শাসন ও ইসলাম প্রিয় ব্যক্তিদের অমানবিক নির্যাতন চালিয়েছে। প্রথম ক্ষমতা পেয়ে পিলখানা বিদ্রোহের নামে দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে। তার এই অত্যাচারী শাসন দেশের মানুষ ক্ষমা করবে না। রাজনৈতিক ময়দানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। আমরা দেশে রাজনৈতিক প্রতিযোগিতা নিয়ে আসতে চাই। টাকা, চৌধুরী, মাতাব্বরের প্রতিযোগিতা নয়, মেধার প্রতিযোগিতা তৈরি করতে চাই।

কচুয়া উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলার সাবেক আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী ও সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাজাহান মিয়া।

শহর জামায়াত আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান ও মুহাদ্দিস আবু নছর আশরাফীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াত নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category