জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ২৩৭ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদপুরের মেঘনায় বহুল আলোচিত সার বোঝাই কার্গো জাহাজে সাত খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে। মর্মান্তিক ওই ঘটনায় যারা খুন হয়েছেন তাদের সবার মোবাইল উদ্ধার করা হয়েছে।

বুধবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানাতে কাকরাইল গির্জা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে এরই মধ্যে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জাহাজে হামলার শিকার আটজনের সঙ্গে ছিলেন ইরফান। হত্যাকাণ্ডের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের মোটিভ এখনো জানা যায়নি। তবে, ইরফান জবানবন্দি দিয়েছে। খুব দ্রুত এই মামলার সুরাহা হবে।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে পাঁচজনের মরদেহ এবং তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে দুইজন মারা যান। তারা সবাই জাহাজের স্টাফ।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে হাইমচর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ।

পরে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানকে (২৫) গ্রেফতার করা হয়। আজ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চাঁদপুরের একটি আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category