ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানান, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, এ মামলায় মোট ১৭ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন জানান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে অর্থ পাচারের অভিযোগে ১০ বছর এবং আত্মসাতের অভিযোগে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর তাঁর স্ত্রী রুকমীলা জামানকে দুই অভিযোগে ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আপিল আবেদন করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে একজন খালাস পেয়েছেন।
উল্লেখ্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী এবং ভাইবোনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে এই মামলা করেছিলেন।