দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৪৬তম বিসিএসের ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সরকারি চাকরিতে যোগদানের আনুষ্ঠানিক পথ খুলে গেল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে হবে। এ ক্ষেত্রে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পাওয়া গেলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে আগ্রহী নন বলে বিবেচিত হবেন। সে ক্ষেত্রে তাঁর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তাঁর নিয়োগসংক্রান্ত আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন কিংবা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। তাঁদের মধ্য থেকে এবার ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার।