নতুন বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার রেওয়াজ রয়েছে। তবে এবার তার আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে।
পরিকল্পনা অনুযায়ী- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৪ ডিসেম্বর নতুন পাঠ্যবই হাতে পাবে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও ডিসম্বরের শেষ সপ্তাহের মধ্যে নতুন বই দেওয়া হবে।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই দিনে দেশের বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জারি করা নোটিশেও এ তথ্য জানানো হয়।
ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম তৈফিকুর রহমানের সই করা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জাগো নিউজের হাতে এসেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুর জেলাধীন সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের অবগত করা হচ্ছে যে, আগামী ২৪ ডিসেম্বর সব প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও একই দিনে ২০২৭ সালের নতুন পাঠ্যবই বিতরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে, আজকের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের শেষের দিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা মূল্যায়ন থাকলে শিক্ষকরা ব্যস্ত থাকবেন।
তাই আমরা ২৪ ডিসেম্বর বই বিতরণের চিন্তাভাবনা করছি। এরপর শিক্ষার্থীরা ক্রিসমাস ও নতুন বছরের ছুটিতে যাবে। ছুটি শেষে ক্লাসে ফিরে নতুন বই ও নতুন মলাট নিয়ে পড়াশোনা শুরু করবে।
কোন শ্রেণিতে পাঠ্যবই কতএবার প্রাক-প্রাথমিকে ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি পাঠ্যবই ছাপা হবে। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চমের শিক্ষার্থীদের জন্য ছাপা হবে ৭ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ৭৫৮ কপি বই।