প্রতিবেদক: মনোয়ার হোসেন, বার্মিংহাম:: সমাজে এমন কিছু মানুষ থাকেন, যারা প্রচার-প্রসার ও প্রশংসা থেকে সবসময় বিমুখ। নিজের গুণ, কাজ ও মানবতার কর্মকাণ্ড সবার সামনে আসুক — তা কখনোই চান না। বরং নিজেকে সবার আড়ালে রেখে, নিভৃতে সাধনা করেন। আব্দুর রহমান রিপন তাদেরই একজন — যিনি সকল গুণ ও সাফল্য সত্ত্বেও কখনো নিজেকে প্রকাশ করেন না, বরং সর্বদা আড়ালে থাকতেই পছন্দ করেন।
তিনি হাসিমুখে সবার সাথে আলাপ করেন, সদা স্নিগ্ধ ও বিনয়ী আচরণে সবার মন জয় করে নেন। ছোটবেলা থেকেই বাবা ও বড় ভাইয়ের হাত ধরে ব্যবসায়ের পাঠ নেন, তাদের অনুপ্রেরণায় ও দিকনির্দেশনায় ব্যবসায় জীবনের শুরু। নিজের অক্লান্ত পরিশ্রম, সততা ও দক্ষতার বলে আজ তিনি একজন সফল ব্যবসায়ী ও স্বনামধন্য উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ব্যবসায়ে সাফল্যের পাশাপাশি তাঁর মানবিক কর্মকাণ্ডও সমান প্রশংসনীয়। তিনি এতিম ও অনাথ শিশুদের কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও স্নেহের হাত বাড়িয়ে দিচ্ছেন।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন তাঁকে সভাপতি নির্বাচিত করায় সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে আব্দুর রহমান রিপন বলেন, “সিলেটের ব্যবসায়ী সমাজ আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, সেজন্য আমি সকলের প্রতি চিরকৃতজ্ঞ। এই সম্মান ও অর্জন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী ভাই-বোনদের ভালোবাসা ও সমর্থনেরই ফসল।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়, ব্যবসার অনুকূল ও নিরাপদ পরিবেশ তৈরি এবং যেকোনো সংকটকালীন মুহূর্তে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোই হবে এই পরিষদের প্রধান লক্ষ্য। সিলেটের সকল ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রেখে ব্যবসায়ী সমাজের সার্বিক কল্যাণে আমি নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।”
ভবিষ্যতেও সংগঠন পরিচালনা ও ব্যবসায়ী স্বার্থ রক্ষা করতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী, সুশীল সমাজ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।