কারাগারে থাকা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে প্রিজন ভ্যানের পরিবর্তে অ্যাম্বুল্যান্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা-নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আবেদনটি করেন তার আইনজীবী বদিউজ্জামান তপাদার।
আবেদনের শুনানিতে এই আইনজীবী বলেন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অসুস্থ। তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হয়। গাড়ির ঝাঁকুনিতে তার শারীরিক জটিলতা তৈরি হয়েছে। সে কারণে তাকে অ্যাম্বুল্যান্সে করে আনা-নেওয়ার অনুমতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনার আবেদন করা হয়েছে।
জবাবে ট্রাইব্যুনাল বলেন, দেশের কিছু কিছু জায়গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। পরিস্থিতির উন্নতি হলে অ্যাম্বুল্যান্সের বিষয়টি বিবেচনা করা হবে।
পরে কামরুল ইসলামের আইনজীবী বদিউজ্জামান সাংবাদিকদের বলেন, আদালত এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের এ মামলায় কামরুল ইসলামের সঙ্গে আসামি করা হয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও।