গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো ধরনের কার্যক্রম বা সংবাদ প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তাঁরা এসব কথা বলেন।
ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমান কর্মসূচিগুলো দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়। রাজনীতিতে দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ তাদের বিতাড়িত করার পরও তাদের শিক্ষা হয়নি। তিনি বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট বা বিদ্যুৎ খাতে দুর্নীতি হয়নি। তাই মূল ইস্যু থেকে জনগণের মনোযোগ সরাতে এবং কৃত্রিম হাইপ তৈরি করতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি বেছে নিয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, ৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত পাকিস্তান এ দেশের যতটা ক্ষতি করেনি, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করে গেছে। তারা ব্যাংকিং খাতের ব্যালান্সশিট পর্যন্ত লুট করে দেশের ভবিষ্যৎ ধ্বংস করেছে। ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। আগের সরকারের রেখে যাওয়া দায়ভার না নিয়েও দেশের স্বার্থে দায়িত্বশীলতার সাথে সরকার পরিচালনা করা হচ্ছে।
বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। যারা আগুন সন্ত্রাস ও গণহত্যা চালিয়ে পালিয়ে গেছেন, তাদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না।
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সরকার কখনো কোনো সংবাদ প্রচারে বা কোনো এজেন্সি সংবাদ প্রত্যাহারে চাপ দেয়নি। বিগত ১৭ বছরে অসংখ্য গণমাধ্যম বন্ধ এবং সাংবাদিকদের গুম করার মতো ঘটনা ঘটলেও বর্তমান সরকার এমন কিছু করবে না। তবে গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে যেন কোনোভাবেই ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া না হয়। এ সময় জনগণের ভোটাধিকার নিশ্চিতে অনলাইন গণমাধ্যম যে ইতিবাচক ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।