মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে পাঁচটি শর্ত দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত মাপ, রং ও উপাদান মেনে নম্বরপ্লেট তৈরি করে সংযোজন করতে হবে। এ জন্য মোটরসাইকেল মালিকদের আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ কারণে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম অনুসরণ করে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।

বিআরটিএর পাঁচটি শর্ত হলো—

১. নম্বরপ্লেটের উপাদান: ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।

২. রং ও অক্ষর: সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

৩. নকশা: নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধন বা অতিরিক্ত নকশা করা যাবে না।

৪. স্কুটারের নম্বরপ্লেটের মাপ: স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

৫. অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ: স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। এ ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।

গণবিজ্ঞপ্তিতে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সময়সীমার মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

এর আগে, মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category