ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রফতানিতে নতুন সম্ভাবনা তৈরি করছে ইউরোপ-আমেরিকার বাইরের বাজারগুলো। প্রচলিত বাজারের বাইরে অপ্রচলিত দেশগুলোতে পোশাক রফতানি বাড়ছে উল্লেখযোগ্য হারে।

বিশেষ করে তুরস্কের বাজারে রফতানি আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশের বেশি।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি থেকে আয় হয়েছে ২৩৭ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২১৭ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।

এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে তুরস্ক। দেশটিতে পোশাক রফতানি ১০ কোটি ৬৮ লাখ ডলার বেড়েছে— যা অপ্রচলিত বাজারগুলোতে মোট রফতানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ।

তুরস্কে রফতানি বেড়েছে দ্বিগুণের বেশি

অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রফতানির অন্যতম বড় গন্তব্য হয়ে উঠছে তুরস্ক। চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে পোশাক রফতানি থেকে আয় হয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।

শুধু রফতানি আয়ই নয়, অপ্রচলিত বাজারে তুরস্কের অংশীদারত্বও দ্রুত বাড়ছে। গত অর্থবছরের প্রথম চার মাসে এসব বাজারে বাংলাদেশের মোট পোশাক রফতানিতে তুরস্কের অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ। চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে।

পরিসংখ্যানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, তুরস্কের বাজার বাদ দিলে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি প্রবৃদ্ধি হতো প্রায় ৪ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ এসব বাজারে সামগ্রিক প্রবৃদ্ধির অর্ধেকের বেশি এসেছে এককভাবে তুরস্ক থেকে।

জাপান-অস্ট্রেলিয়ায়ও বেড়েছে রফতানি

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় গন্তব্য জাপান। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৪৩ কোটি ৭৩ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ২ দশমিক ৪০ শতাংশ। অপ্রচলিত বাজারে মোট রফতানিতে জাপানের অংশ ১৮ দশমিক ৪৪ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে চার মাসে পোশাক রফতানি হয়েছে ২৬ কোটি ৪০ লাখ ডলারের— যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ০১ শতাংশ বেশি।

দক্ষিণ কোরিয়াতেও বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে। দেশটিতে রফতানি আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ১৩ লাখ ডলারে। প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ।

তবে ভারতের বাজারে রফতানিতে দেখা গেছে উল্টো চিত্র। চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি হয়েছে ২৫ কোটি ৯ লাখ ডলারের। আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় কমেছে ৫ দশমিক ৩৮ শতাংশ।

শীর্ষ পাঁচ বাজারের বাইরে অন্যান্য অপ্রচলিত দেশগুলোতেও রফতানি বেড়েছে। এসব বাজারে চার মাসে রফতানি আয় হয়েছে ১০৬ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ৮ দশমিক ৪৮ শতাংশ। অপ্রচলিত বাজারে বাংলাদেশের মোট পোশাক রফতানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ এসেছে এসব দেশ থেকে।

অক্টোবরেও তুরস্কের বাজারে বড় প্রবৃদ্ধি

শুধু চার মাসের হিসাবেই নয়, অক্টোবর মাসেও অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে এসব বাজারে পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলার। গত বছরের একই মাসের তুলনায় এ আয় বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ।

এ মাসেও সবচেয়ে বেশি প্রবৃদ্ধি এসেছে তুরস্কের বাজার থেকে। অক্টোবরে দেশটিতে পোশাক রফতানি হয়েছে ৫ কোটি ৯৮ লাখ ডলারের, যা আগের বছরের একই মাসের তুলনায় ৭৫ দশমিক ৯৬ শতাংশ বেশি। এক মাসের হিসাবে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপানের পরই তুরস্কের অবস্থান।

অক্টোবরে জাপানে পোশাক রফতানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের। আগের বছরের একই মাসের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৬৪ শতাংশ। অস্ট্রেলিয়ায় রফতানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ ডলারে।

অন্যদিকে ভারতের বাজারে রফতানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলারে নেমেছে। দক্ষিণ কোরিয়ায়ও রফতানি কমেছে ৪ দশমিক ৬০ শতাংশ। অক্টোবরে দেশটিতে পোশাক রফতানি হয়েছে ৩ কোটি ৪ লাখ ডলারের।

নতুন বাজারে সম্ভাবনা, কমছে একক নির্ভরতার সুযোগ

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দীর্ঘদিন ধরে এসব বাজারের ওপর নির্ভর করেই দেশের পোশাক রফতানি খাত এগিয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, চাহিদার পরিবর্তন এবং বাণিজ্যিক ঝুঁকি বিবেচনায় প্রচলিত বাজারের বাইরে রফতানি সম্প্রসারণের গুরুত্ব বাড়ছে।

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, জাপান, অস্ট্রেলিয়া, তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার মতো বাজারে বাংলাদেশের পোশাকের অবস্থান শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে তুরস্কের বাজারে রফতানির বড় উল্লম্ফন নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

তবে অপ্রচলিত বাজারে মোট রফতানি প্রবৃদ্ধির অর্ধেকের বেশি তুরস্কের ওপর নির্ভরশীল। ফলে একটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা না বাড়িয়ে অন্যান্য দেশেও রফতানি সম্প্রসারণ জরুরি। একই সঙ্গে ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজারে রফতানি কমে যাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে অপ্রচলিত বাজারে পোশাক রফতানির ইতিবাচক প্রবৃদ্ধি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বাজার সম্প্রসারণের সম্ভাবনাকে সামনে এনেছে।

এ প্রসঙ্গে বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘প্রচলিত বাজারের বাইরে বাংলাদেশের পোশাক রফতানি বাড়ার প্রবণতা ইতিবাচক। বিশেষ করে তুরস্কের বাজারে রফতানির প্রবৃদ্ধি আমাদের জন্য একটি বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে একটি বাজারের ওপর নির্ভর না করে জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ভারতসহ অন্যান্য অপ্রচলিত বাজারেও রফতানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে।’’

তিনি বলেন, ‘‘বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ছে। তাই নতুন বাজারে প্রবেশের পাশাপাশি পণ্যের বৈচিত্র্য, ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন, মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি। দীর্ঘমেয়াদে রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে বাজার ও পণ্যের বৈচিত্র্যকরণের বিকল্প নেই।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category