জুলাই থেকে বদলে যাচ্ছে স্ট্যাম্প শুল্ক পরিশোধের নিয়ম

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। ২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। তবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও শুল্ক দেওয়া যাবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-এর ১১এ ধারা এবং দ্য স্ট্যাম্প ডিউটিজ (অ্যাডিশনাল মোডস অব পেমেন্ট) অ্যাক্ট, ১৯৭৪-এর ২(১) ধারায় দেওয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিবন্ধনযোগ্য দলিলের স্ট্যাম্প শুল্ক এ-চালানে পরিশোধ করলে দলিল তৈরিতে কার্টিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল জমা দেওয়ার সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। পাশাপাশি দলিলের প্রথম পাতায় উল্লেখ করতে হবে এ-চালান নম্বর।

বিমা পলিসির স্ট্যাম্প শুল্ক পরিশোধেও একই নিয়ম অনুসরণ করতে হবে। পলিসির সঙ্গে এ-চালানের রসিদের মুদ্রিত কপি যুক্ত করতে হবে। রসিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর এবং পলিসির প্রথম পাতায় শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।

একই সঙ্গে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এ-চালানে শুল্ক জমা দিলে প্রত্যেকের নাম ও পরিচয় শনাক্তের নম্বর দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) অথবা ট্রেড লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে।

সরকারের আশা, এ-চালান পদ্ধতি চালু হলে প্রচলিত ইমপ্রেসড ও অ্যাডহেসিভ স্ট্যাম্পের মুদ্রণ, সংরক্ষণ, বিতরণ এবং কমিশন বাবদ ব্যয় কমবে। পাশাপাশি জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ করা এবং সরকারি রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category