পঞ্চগড়ে উদ্ধার বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিরল বৈশিষ্ট্যের একটি অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির শরীরের স্বাভাবিক রঙের পরিবর্তে হলদেটে-সাদা বর্ণ দেখা গেছে। বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের ভাষ্য, অ্যালবিনিজম নামের বিশেষ জিনগত বৈশিষ্ট্যের কারণে সাপটির শরীরে এমন রঙের পরিবর্তন হয়েছে।

গত ২৭ অক্টোবর উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (WSRTBD) প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. শহিদুল ইসলাম।

উদ্ধার হওয়া সাপটি জলঢোড়া বা চেকার্ড কিলব্যাক প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম Fowlea piscator। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। সাধারণত এ প্রজাতির সাপের শরীরে বাদামি ও কালচে ছোপ দেখা যায়। তবে অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে উদ্ধার হওয়া সাপটির শরীরে হলদেটে-সাদা রঙের ব্যতিক্রমী উপস্থিতি দেখা গেছে।

উদ্ধারকর্মী মো. শহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া সাপটি জলঢোড়া প্রজাতির এবং সম্পূর্ণ নির্বিষ। তবে সাপটির শরীরে একাধিক ক্ষত রয়েছে। অ্যালবিনিজমের কারণে এর স্বাভাবিক রঙের পরিবর্তে হলদেটে-সাদা বর্ণ ধারণ করেছে। এ ধরনের বৈশিষ্ট্যের সাপ সচরাচর দেখা যায় না।

তিনি আরও বলেন, সাপটি কয়েকবার খোলস বদলানোর পর এর শারীরিক পরিবর্তন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য কিছুদিন রেখে দেওয়া হবে। পরে সাপটিকে অবমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category