যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছে ইরান এমন গোয়েন্দা তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে হামলার সক্ষমতা কিংবা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই সংশয় রয়েছে।
যুক্তরাষ্ট্রের সাতজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তাদের দাবি, ইরানের পরিকল্পনায় সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ থাকায় দেশজুড়ে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। তবে এটি আসন্ন হামলার নিশ্চিত ইঙ্গিত নয়।
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকির ওপর নজর রাখছে। গত সপ্তাহে এ বিষয়ে একাধিক বৈঠকও করেছেন মার্কিন কর্মকর্তারা। নিরাপত্তা উদ্বেগের কারণে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের বিরুদ্ধেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা করছে গোয়েন্দারা। এ পরিস্থিতিতে সেনা ও কূটনৈতিক কর্মীদের সুরক্ষায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তবে ইরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন বলেছে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনার বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।