রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকালও পল্লবীতে রামিসাদের বাসার সামনে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ জনতা। জড়ো হওয়া মানুষের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এ ছাড়াও মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ, গুলশানে মানববন্ধনসহ দেশের বিভিন্ন স্থানে নানান কর্মসূচি পালিত হয়েছে। আর কোনো শিশুর সঙ্গে যাতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি না হয় সরকারকে সে ধরনের পদেক্ষপ নেওয়ার দাবি জানিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। সেই সঙ্গে সমাজমাধ্যমগুলোতে এখনো নিজেদের সন্তানের ছবি পোস্ট করে আতঙ্কে থাকার কথা জানাচ্ছেন মানুষ। এদিকে, রামিসার মৃত্যুর পর থেকে শোকে পাথর তার মা পারভীন আক্তার এখনো মেয়ের জামাকাপড় ও ব্যবহৃত জিনিসপত্র বুকে জড়িয়ে কাঁদছেন। আর বাবা আবদুল হান্নান মোল্লা বারবার মেয়ের শেষ আবদারের কথা মনে করে মূর্ছা যাচ্ছেন। রামিসার কুলখানি ও মিলাদে অংশ নিতে গ্রামে গিয়ে রামিসার বাবা বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া আশ্বাসে তিনি আস্থা রাখছেন এবং দ্রুত বিচার প্রত্যাশা করছেন। অন্যদিকে বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কবরস্থানে দাফনের সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেই শোক থেকে এখনো বের হতে পারেনি গ্রামবাসী। অনেকেই রামিসার বাবা-মাকে সান্ত্বনা দিতে ছুটে আসেন আবার অনেকে নিজেরাই কান্নায় ভেঙে পড়ছেন বলে জানা গেছে।
রামিসার বাসার সামনে বিক্ষোভ : গতকাল সকাল থেকেই পল্লবীর সেকশন-১১ এলাকায় রামিসাদের বাসার সামনে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা যায়। এ সময় অনেকের হাতে ছিল ‘রামিসার হত্যাকারীর ফাঁসি চাই’, ‘শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড। মানববন্ধনে অংশ নেওয়া এক নারী বলেন, আমরা নিজের সন্তানদের নিয়েই এখন আতঙ্কে আছি। একটা শিশুকে এত নির্মমভাবে কোনো মানুষ হত্যা করতে পারে না।
মিরপুরে সড়ক অবরোধ : রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষুব্ধ জনতা। বাদ জুমা বিক্ষোভকারীরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি, ‘অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাত দিন নয়, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর করতে হবে। দেশে বিচারের দীর্ঘসূত্রতার কারণে এ ধরনের নৃশংস ঘটনা বারবার ঘটছে।’
অন্যদিকে বিচারের দাবিতে পার্শ¦বর্তী কালশীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সন্ধ্যায় তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নেন। এরপর তারা সড়কের মধ্যেই মাগরিবের নামাজ আদায় করেন।
অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত ছিল অভিযুক্ত সোহেল : শিশু রামিসা আক্তার হত্যার প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা আগেও নানান অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার অতীত কর্মকাণ্ড ভালো ছিল না। তার স্বভাবচরিত্র খারাপ ছিল। গতকাল মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি বলেন, রামিসা হত্যার মামলাটির তদন্ত প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে আদালতে জমা দেওয়া হবে।
মামলা লড়বেন শিশির মনির : শিশু রামিসার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ভুক্তভোগী ওই পরিবারের পক্ষে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই জ্যেষ্ঠ আইনজীবী নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।
আসামিপক্ষে দাঁড়াবেন না কোনো আইনজীবী : রামিসা হত্যা মামলার আসামিদের পক্ষে কোনো সদস্য মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশন। গতকার সকালে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খান তার ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ সিদ্ধান্তকে আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন।
গুলশান সোসাইটির মানববন্ধন : রামিসা হত্যার দ্রুত বিচার ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গুলশান সোসাইটি। গতকাল সকালে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধার নেতৃত্বে মানববন্ধনে বক্তারা মানবজাতির জন্য কলঙ্ক উল্লেখ করে দোষীর কঠোর শাস্তি দাবি করেন।
খেলাঘরের প্রতিবাদ : বিচার বিভাগকে সক্রিয় করে সব অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে রামিসা হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনের সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না। তিনি বলেন, কন্যা শিশুরা যেমন নানা পাশবিকতার শিকার হচ্ছে, তেমনি মাদ্রাসায় ছেলে শিশুরা যৌন নির্যাতনের শিকার। এমন পাশবিকতা মেনে নেওয়া যায় না। সব মিলিয়ে সমাজে অত্যাচারের মুখে আমাদের শিশুরা।
ফাঁসি চাইলেন এমপি আমির হামজা : কুষ্টিয়া প্রতিনিধি জানান, ধর্ষণের পর শিশু রামিসাকে নৃশংস হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি ও সংসদে আয়াতের আইন কার্যকরের দাবি জানিয়েছেন ইসলামি বক্তা ও সংসদ সদস্য (এমপি) আমির হামজা। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহীর সিটি বাইপাস রোডে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশের যে আইন আছে তা দিয়ে রামিসা, আছিয়া ও তানিয়ার বিচার হবে না। এই দেশে যদি সত্যিই ধর্ষণের বিচার করতে হয় কোরআনে সুরা আন-নুরের আয়াতের আলোকে বিচার করা লাগবে।’ তিনি বলেন, ‘এই আয়াতটা সংসদে কার্যকর করে দেন। তাহলে বাংলাদেশের যুবকদের ধর্ষণ দূরের কথা স্বপ্নদোষও বন্ধ হয়ে যাবে।’
আমির হামজা বলেন, আমিও বাবা। আমারও তিনটা মেয়ে আছে। রামিসার দিকে তাকালে মেজো মেয়ের কথা মনে পড়ে। রামিসা ধর্ষণ শেষে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে নানান কর্মসূচি পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
খুলনা : রামিসা হত্যার বিচার দাবিতে খুলনায় বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। বাদ জুমা নগরীর নিউমার্কেট বাইতুন নূর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি নগরীর শিববাড়ি মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া বিকালে খুলনা প্রেস ক্লাবের সামনে শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
কেরানীগঞ্জ : রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দেখিয়েছেন কেরানীগঞ্জের সাংবাদিক ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল বাদ জুমা কদমতলী গোলচত্বর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সাংবাদিক ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক রাজু আহমেদ, আশিক নূর, নাসির উদ্দিন টিটু, সামাজিক সংগঠক কাওসার আহমেদ, কেরানীগঞ্জ এনসিপির সদস্য আল আমিন মিনহাজ, হৃদয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : রামিসা, আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে খেলাঘর আসর। মানববন্ধনে খেলাঘরের সংগঠক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজা রহমান, শিশু সাহিত্যিক ও সিসিমপুরের সাবেক কান্ট্রি ডিরেক্টর শাহ আলম, খেলাঘরের সদস্য কাজী নাজমুল ইসলাম লিটু, উপজেলা উদীচী সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক রবিউল হুসাইন, সাংবাদিক মাজহারুল ইসলাম ও হাসি আলম প্রমুখ।
পিরোজপুর : রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে বাদ জুমা শহরের বড় মসজিদ মোড় এলাকায় ‘তৌহিদি জনতা’র ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি শহরের কৃষ্ণচূড়া মোড়, টাউন ক্লাব সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদ মোড়ে এসে শেষ হয়।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : শিশু রামিসা হত্যার প্রতিবাদে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক অংশ নেন।