ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিই অস্ত্র বের করেছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।
শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি এ অভিযোগ করেন।
ঝিনাইদহের ঘটনা প্রসঙ্গে আমানউল্লাহ আমান বলেন, এটি পূর্বপরিকল্পিত কিনা সেটি একটি বড় প্রশ্ন রয়েছে। কারণ আমরা দেখেছি যে তারা যে একদম গতানুগতিকভাবে ছাত্রদল, যুবদল, বিএনপির ওপরে দায় চাপিয়ে দিচ্ছে। কিন্তু নাসিরুদ্দীন পাটওয়ারীর সিকিউরিটির দায়িত্বে থাকা একটা বিশেষ ড্রেস দেওয়া হয়েছিল… সেই তাদের কোনো একজন আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার জন্য উদ্যত হয়েছিল। কিছুক্ষণ পর আমরা দেখেছি যে এনসিপিসহ জামাত-শিবির অনেক নেতাকর্মীরা সেটিকে ছাত্রদল নেতাকর্মী এসব বলে পোস্ট দিচ্ছিল।
তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে আমার সামনে একটা পোস্ট এসেছে, ডাক্তার মিতু সম্ভবত। উনি পোস্টটি পরে সরিয়ে নিয়েছেন। অর্থাৎ এই ঘটনাও যে পূর্বপরিকল্পিত এটা আমাদের কাছে অনুমেয় যে… তারা বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি দেখিয়ে তারপরে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়।