পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার বিষয়ে প্রয়োজনীয় পর্যালোচনা করবে বলে জানিয়েছে তেহরান।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের পর পরিস্থিতি মূল্যায়ন শেষে পরবর্তী আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্রটি আরও বলেছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়া ইরানের পরবর্তী আলোচনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি ‘ইতিবাচক সংকেত’ হিসেবে কাজ করবে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে আলোচনার যৌক্তিক কাঠামো মেনে চলার আহ্বান জানিয়ে সূত্রটি বলেছে, অতিরিক্ত দাবি তোলা বা পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করলে তা আলোচনার প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।
বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী দফার আলোচনা এগিয়ে নিতে একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তেহরানে অবস্থান করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।