বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করতে বিভিন্ন কথা বলে যাচ্ছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে।
রবিবার রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৪ আসনের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, অতীতে আমরা দেখেছি, একটি দল মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষের বিপক্ষে ছিল। নব্বইয়েও তারা দেশের মানুষকে ফেলে স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিল। বিভিন্ন সময় এ মহলের জনগণকে ফেলে রেখে চলে যাওয়ার উদাহরণ রয়েছে।
তিনি বলেন, ভোটারদের আহ্বান করবো, আপনাদের সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে। যেন কেউ আপনাদের ভোটের অধিকারকে বাক্সবন্দি করে, ছিনতাই করে নিয়ে যেতে না পারে। আপনাদের রায়কে কেউ যেন পাল্টে দিতে না পারে।
বিএনপি চেয়ারম্যান বলেন, বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার, কথা বলার অধিকার অর্জিত হয়েছে। এবার সুযোগ এসেছে, এটিকে দেশ ও মানুষের জন্য ব্যবহার করতে হবে, দেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করতে হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের কাজে ব্যবহার করতে হবে।
তিনি বলেন, তরুণ যুবকদের দক্ষ করে তুলতে ঢাকার প্রতিটি আসনে অন্তত একটি ও সমগ্র বাংলাদেশে কারিগরি ট্রেনিং সেন্টার গড়ে তুলব। যারা দক্ষ হয়ে বিদেশ যাবে, তাদের যেন পৈত্রিক সম্পত্তি বিক্রি করে না যেতে হয়, সেজন্য সরকার থেকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করব। নারী ও শিশুদের জন্য প্রতিটি এলাকায় হেলথ কেয়ারার থাকবেন, যেন চিকিৎসাসেবা পেতে তাদের হাসপাতাল পর্যন্ত না যেতে হয়।