দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১ হাজার ৩১৫ জন রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৭ জনই হামের উপসর্গ নিয়ে মারা গেছেন, তবে পরীক্ষা করে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হামজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামের কারণে মারা গেছেন ১০৫ জন।
একই সময়সীমার মধ্যে সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী ২৩ হাজার ৬৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট দুই লাখ এক হাজার ৪৬৮ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৯৩ হাজার ৩০১ জন।