Headline :

পাসপোর্ট ব্লকে আটকাল কামাল চেয়ারম্যানের ভারতযাত্রা, মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে পাসপোর্ট ব্লক থাকার কারণে যাত্রা করতে পারেননি জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাঁকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশি পাহারায় তাঁকে আদালতে পাঠানো হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন কামাল আহমদ। এ সময় তাঁর পাসপোর্ট যাচাই করতে গিয়ে ব্লক থাকার বিষয়টি শনাক্ত করেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাঁকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তরের পরামর্শ দেওয়া হয়।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় সিলেটের জালালাবাদ থানায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন কামাল আহমদ। পরে তিনি জামিনে মুক্তি পান।

এদিকে, পরিবার সূত্রে জানা গেছে, কামাল আহমদ দীর্ঘদিন ধরে লিভারের সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এর আগেও উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে বৈধ চিকিৎসা ভিসা নিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নেন। তবে পাসপোর্ট ব্লক থাকায় তাঁর সেই যাত্রা ব্যাহত হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা কামাল আহমদকে আটক ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানান, গত মাসে জৈন্তাপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category