ফখরুলের অপেক্ষায় বঙ্গভবন

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অপেক্ষায় বঙ্গভবন। গতকাল তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছে বিএনপি। একই দিনে জামায়াত জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও দাখিল করা হয়। তবে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি প্রার্থী বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরই নির্বাচিত হতে যাচ্ছেন রাষ্ট্রপতি। ২০ আগস্ট শুধু ভোট গ্রহণের আনুষ্ঠানিকতার পরেই রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হবে। অনেক জল্পনা-আলোচনার পর অবশেষে বিএনপি মহাসচিব ও বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিলেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর দলের মহাসচিব এবং দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তার কাছে রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁকে হবু রাষ্ট্রপতি হিসেবে অগ্রিম অভিনন্দন জানানো হয়েছে। গতকাল বেলা আড়াইটায় ফখরুলের পক্ষ থেকে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়। মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং সমর্থক হিসেবে স্বাক্ষর করেন জাতীয় স্থায়ী কমিটির অপর সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে অনুষ্ঠিত দলের উচ্চপর্যায়ের এক সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে মনোনয়নের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বৈঠকের মাঝেই এক ফাঁকে এসে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করায় নতুন মহাসচিব নিযুক্ত না হওয়া পর্যন্ত দলের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অলিসচিবালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা : গতকাল দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের শুরুতেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়নের বিষয়ে তাঁর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানান। বৈঠক চলাকালেই রুহুল কবির রিজভী বাইরে এসে সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি-বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।’ রিজভী জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি বিএনপির মহাসচিব এবং দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। মহাসচিবের শূন্য পদে কে আসছেন প্রশ্ন করা হলে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর এ বিষয়ে দায়িত্ব দেওয়া আছে। তিনি সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। সেটি আপনারা পরে জানতে পারবেন।’ দুপুর ১২টায় জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন। বৈঠকের মধ্যেই দলের চেয়ারম্যান জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজ করেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ সংসদ সদস্যদের নেই। সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্যপদ বাতিল হওয়ারও বিধান আছে। বর্তমান সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া তাই এখন শুধু সময়ের অপেক্ষা।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুইটি মনোনয়নপত্র জমা : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের দুইটি মনোনয়নপত্র জমা পড়েছে। গতকাল প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র জমার সময় শেষে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুজন। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট নির্বাচনি কর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাইবাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রয়েছে ১৮ আগস্ট, সংসদকক্ষে ভোট হবে ২০ আগস্ট।’

গতকাল বেলা ২টা ২৩ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও সিইসি এ এম এম নাসির উদ্দিন। ‘ঘোষণা ও বিবৃতি’সহ মনোনীত প্রার্থীর সই, প্রস্তাবক ও সমর্থকের নাম, ঠিকানা, স্বাক্ষরসংবলিত মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বেলা আড়াইটায় মনোনয়নপত্র নিয়ে নির্বাচন ভবনে আসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন নিজান; দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান সোহেলসহ প্রতিনিধিদল। মনোনয়নপত্র গ্রহণকালে সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

গয়েশ্বরের ব্রিফিং : মনোনয়নপত্র জমা দেওয়ার পরে নির্বাচন ভবনে তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে পরবর্তী মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) কে হচ্ছেন-এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এটার জন্য অপেক্ষা করেন, পরে শুনবেন।’

গণভোটের রায় বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, জামায়াতের এমন দাবির বিষয়ে তিনি বলেন, গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণভোট পুরোপুরি মানাও যাবে, না মানাও যাবে। তবে বিএনপি তা মানবে এবং পর্যায়ক্রমে সংসদে এর প্রতিফলন ঘটাবে।

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠিকানা : কালিবাড়ি, ঠাকুরগাঁও। মনোনয়নপত্রে প্রস্তাবকারীর নাম দেওয়া হয়েছে বিএনপির নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান। সমর্থনকারী হলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

অলি আহমদের মনোনয়নপত্র জমা : রাষ্ট্রপতি পদে লড়তে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। জামায়াত নেতা এ এইচ এম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল দুপুর পৌনে ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও সিইসি এ এম এম নাসির উদ্দিন। অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে বিরোধীদলীয় নেতা, ঢাকা ১৫ আসনে জামায়াতের সংসদ সদস্য শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে এনসিপির সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিনের নাম রয়েছে। দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবীক্রম। এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। স্পিকারের সঙ্গে আলোচনা করে সিইসি এ এম এম নাসির উদ্দিন ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়নে মিষ্টি বিতরণ : সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার খবরে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন। দিনভর জেলার বিভিন্ন এলাকার জনগণ মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস করেছেন। গতকাল দুপুর থেকে জেলার বিভিন্ন স্থানে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল হয়েছে। ঠাকুরগাঁও চেম্বারের সাবেক নেতা আবদুস ছালাম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, শুধু ঠাকুরগাঁওয়ের নয়, সারা দেশের মানুষ এ আনন্দে উচ্ছ্বসিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা প্রতিকূলতার মধ্যে সংগ্রাম করেছেন এবং জেল খেটেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443