মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সতর্কতা জারি করা হয়েছে।
একই সঙ্গে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকানদের ভ্রমণ এবং হজে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
এই সতর্কতা এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, সমঝোতা না হলে এবং হরমুজ প্রণালি খুলে না দিলে নির্ধারিত সময়ের পর বড় ধরনের হামলা চালানো হতে পারে।
এর জবাবে ইরানও পাল্টা হামলার ইঙ্গিত দিয়েছে। ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।
এ অবস্থায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জর্ডান, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ সতর্কতা লেভেল ৩-এ উন্নীত করেছে। নাগরিকদের এসব দেশে ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। মিসরে ভ্রমণ সতর্কতা লেভেল ২-এ রাখা হয়েছে।
কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর তথ্য অনুযায়ী, মক্কায় প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে হজ পারমিট বা বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশ করা যাবে না। অন্য ভিসাধারীদের ওই সময়ের আগে মক্কা ত্যাগ করতে বলা হয়েছে।
এদিকে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের যেখানে আছেন সেখানেই নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য, পানি ও প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো নিয়মিত সেবা স্থগিত রেখে সীমিত জরুরি সেবা চালু রেখেছে।
এর আগে ফেব্রুয়ারি ও মার্চে জারি করা সতর্কবার্তায় বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেনসহ বিভিন্ন দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।