রেলওয়ে কুমিল্লা অঞ্চলের ১০২ কিলোমিটার অংশে ১৫০টির বেশি বৈধ-অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। এসব স্থানে প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। এই জেলায় গত পাঁচ বছরে ৪ শতাধিক মানুষ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন হাজারের বেশি। এসব রেল ক্রসিং পথচারী, ছোট-বড় যানবাহনের যাত্রীদের জন্য অনেকটা মারণফাঁদে পরিণত হয়েছে। সূত্র জানায়, গত ২১ মার্চ রাতে কুমিল্লার পদুয়ার বাজার বৈধ লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। ২০১১ সালে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে আটজন নিহত হন। ২০২৪ সালে বুড়িচংয়ের কালিকাপুর অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার সাত যাত্রী নিহত হন। ২০২৩ সালে মানোহরগঞ্জের তুগুরিয়া এলাকায় অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন। ২০২২ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের রেল গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত রেলপথের ২২ কিলোমিটার এলাকায় বৈধ ১৪টি ও অবৈধ ১৭টি, লাকসাম থেকে চাঁদপুর রেলপথের ১৪ কিলোমিটারে বৈধ ৪টি ও অবৈধ ১৩টি এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার ৬৬ কিলোমিটার অংশে বৈধ ৬৬টি ও অবৈধ ৭৪টি লেভেল ক্রসিং রয়েছে। গত ৫ বছরে রেলওয়ে কুমিল্লা অঞ্চলে ট্রেন দুর্ঘটনায় ৩৪৭ জন নিহত হয়েছেন। তবে এই হিসেবের বাইরেও অনেক নিহতের ঘটনা রয়েছে। সব ঘটনা থানায় লিপিবদ্ধ হয় না বলেও সূত্র জানিয়েছে। রেললাইনে বাজার, পাশে জনবসতি, মানুষের অসতর্ক চলাচল, পরিবহন চালকদের বেপরোয়া গতি ও গেটম্যানদের দায়িত্বে অবহেলা এসব দুর্ঘটনার কারণ বলে জানা গেছে।
এসব বিষয়ে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল হালিম মজুমদার বলেন, অবৈধ লেভেল ক্রসিং নিয়ন্ত্রণে আনতে হবে। পদুয়ার বাজারে দুর্ঘটনা নিয়ন্ত্রণে রেলওভার পাসটি পল্লী বিদ্যুৎ পর্যন্ত বৃদ্ধি এবং লাকসাম-নোয়াখালী সড়কে একটি ওভারপাস নির্মাণের দাবি জানান তিনি। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, অবৈধ লেভেল ক্রসিংয়েই ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনা বেশি ঘটে। সতর্ক হওয়া ছাড়া রেল দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। রেলওয়ে কুমিল্লা অঞ্চলের উপসহকারী প্রকৌশলী (পথ) মো. আনিসুজ্জামান ও গোলাম সারোয়ার বলেন, অবৈধ লেভেল ক্রসিংয়ের সংখ্যা কমাতে চেষ্টা করছি। গেটম্যানদের দায়িত্বে অবহেলা কমাতেও তৎপরতা চালাচ্ছি।