বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জার্মানিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা জার্মানির রাজধানী বার্লিনের বায়তুল মুকাররম মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজী দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন, জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, সাবেক সহসভাপতি আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার, সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, বার্লিন বিএনপির সভাপতি মো. জসিম সিকদারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় রাষ্ট্রদূত জুলকার নাইন ও বিএনপির নেতারা বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সাহসী ও গণতন্ত্রের একজন আপসহীন প্রহরীকে হারাল।
এর আগে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের একাধিক মসজিদে গায়েবানা জানাজার আয়োজন করে জার্মান বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে শোক বই খোলা হয়েছে। এতে রাষ্ট্রদূতসহ জার্মান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা শোক বইয়ে স্বাক্ষর করেন।