শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সম্প্রতি প্রকাশিত বিবিসির প্রতিবেদনের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, সংবাদে যে বিষয়গুলোর উল্লেখ করা হয়েছে, তার কিছুই ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এর আগে বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের প্রধান দুটি শর্ত রয়েছে। যার মধ্যে রয়েছে—বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বিমানে যেহেতু তিনি ভারতে পৌঁছেছিলেন, তাই ফিরিয়ে নেওয়ার দায়িত্বও তাদেরই নিতে হবে।
এছাড়া তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণহত্যার নিরপেক্ষ বিচার নিশ্চিত করার শর্তে দিল্লি ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে।
তবে এই প্রতিবেদনকে ভিত্তিহীন উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এ ধরনের প্রতিবেদন যে কেউ করতে পারে, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এ রকম কোনো দাবির কথা বাংলাদেশকে জানানো হয়নি।
এদিকে ব্রিফিংয়ে বর্তমান রাজনৈতিক প্রসঙ্গে তিনি আরও বলেন, বিগত সময়ের মতোই এখনো পেট্রোল বোমা হামলা চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।