অপরিচিত কোনো শহরের বিমানবন্দরে পৌঁছালেই ভ্রমণকারীদের স্বাগত বার্তা পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়ার নতুন সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে গুগল ম্যাপস। এর মাধ্যমে শহরের কেন্দ্রস্থলে যাওয়ার পথ, আশপাশের রেস্তোরাঁ এবং স্থানীয় আয়োজন সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন এ সুবিধার সন্ধান পাওয়া গেছে। এতে বিমানবন্দরে পৌঁছানোর পর ব্যবহারকারীদের ‘আস্ক ম্যাপস’ ব্যবহারের পরামর্শ দিয়ে স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর ইঙ্গিত রয়েছে।
এ ছাড়া আস্ক ম্যাপসের জন্য আগে থেকেই কিছু প্রশ্ন তৈরি রাখা হয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রশ্ন করে শহরের বিভিন্ন স্থান, যাতায়াতের উপায় ও স্থানীয় কার্যক্রম সম্পর্কে পরামর্শ নিতে পারবেন।
অ্যাপের কোডে ‘এয়ারপোর্ট জিওফেন্স সিঙ্ক ওয়ার্কার’ নামের একটি ব্যাকগ্রাউন্ড কম্পোনেন্টও পাওয়া গেছে। জিওফেন্স প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট বিমানবন্দর এলাকায় পৌঁছালে তাঁর ফোনে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো সম্ভব হবে। এ সুবিধায় জেমিনাইয়ের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ প্রযুক্তিও ব্যবহার করতে পারে গুগল।
অ্যান্ড্রয়েড অথরিটির বিশ্লেষণে বিশ্বের ৯০টির বেশি বিমানবন্দরের অবস্থানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে লন্ডন, নিউইয়র্ক, দুবাই, সিঙ্গাপুর, টোকিও, সিডনি, দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু বিমানবন্দর রয়েছে।
তবে নতুন সুবিধাটি চালুর বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি গুগল।