তরুণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ ব্যাংক চালু করেছে 'উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি (UDYOG)'
এই প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৮টি জেলার আবেদন জমা নেয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) থেকে দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট ৫৬টি জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন নেয়া শুরু হয়েছে।
উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। আর ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেয়া হবে।
দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে অর্থায়ন ও সহায়তা প্রদানই এই কর্মসূচির মূল লক্ষ্য। গত ১৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্প সংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির প্রাথমিক পর্যায়ে ৮ জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। এই জেলাগুলো হলো— মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। বর্তমানে এসব জেলা থেকে জমা পড়া আবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। সবশেষ রোববার থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।
আগ্রহী তরুণ উদ্যোক্তারা রোববার থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।