সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদ এর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়।
গত ২৮ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) থেকে সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদটির মেয়াদ শেষ হওয়ায় পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য এই নিয়োগ দেওয়া হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪-এর ১৮(১) ধারা অনুযায়ী নবনিযুক্ত এই প্রশাসক দায়িত্ব নেওয়ার তারিখ থেকে কেবলমাত্র ১ (এক) মেয়াদে সর্বোচ্চ ১২০ (একশত বিশ) দিন পদে বহাল থাকতে পারবেন। কোনো দৈব-দুর্বিপাক বা মহামারির কারণে এই সময়ের মধ্যে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে, মেয়াদ বৃদ্ধির সুনির্দিষ্ট কারণ দর্শিয়ে সরকারের কাছ থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হবে।